নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বক্তৃতা করেন।
এ বৈঠকে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান যে, ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসস'কে এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ কর্মকর্তাদের বলেন, এই দেশটা আমাদের সবার। সবাই মিলে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা সবাই একই মতাদর্শের নাও হতে পারি। কিন্তু আপনারা যখন সরকারের সঙ্গে কাজ করবেন, সেই কাজের মধ্যে যেনো নিজেদের ভিন্ন মতাদর্শ প্রতিফলিত না হয়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, 'প্রত্যেকের ভিন্ন মতের প্রতিফলন ঘটবে কেবলমাত্র ভোটের বাক্সে। তার আগে আমরা সবাই এই দেশটাকে ভালোবাসবো। দেশের স্বার্থে আমরা সবাই এক থাকবো। '
প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে দেশের জনগণকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নানা দিক নির্দেশনা দেন।
পরে টাইগার গেইটের সামনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফটোশেসনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।