সাতক্ষীরা প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে প্রায় সাড়ে ৪২ লাখ টাকা মূল্যের হেরোইন, মোবাইল ফোনের যন্ত্রাংশ, আগরবাতি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (২৩ মে) কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মালামালের মোট মূল্য আনুমানিক ৪২ লাখ ৩৮ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও বাঘাডাঙ্গা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, এককেজি ছয়শ’ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেল জব্দ করে।
এছাড়া, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার পূর্ব হিজলদী নামক স্থান হতে ভারতীয় আগরবাতি জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৪২ লাখ ৩৮ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।