চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে আটক ৩০ জেলেকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান চালায়।
আজ শুক্রবার সকালে বাসসকে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
অভিযান চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে হাতেনাতে ৩২ জেলেকে আটক করা হয়।
আটক জেলেদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং তাদের অপরাধের মাত্রা বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে উদ্ধার করা প্রায় এক লাখ মিটার অবৈধ জাল বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বাসসকে বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।