নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক নেতা খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগী এক নারী সাংবাদিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, দীর্ঘদিন হয়রানি এবং নৈতিক স্খলনের অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে নারী সাংবাদিকদের মানববন্ধনের পাশাপাশি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সোমবার (২৫ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে “নারী সাংবাদিক ঐক্য” ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও ক্যামেরাপারসন অংশ নেন।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক আয়শা সিদ্দিকা ও সদস্য সচিব জেসমিন জুই বক্তব্য রাখেন।
বক্তব্যে জেসমিন জুই বলেন, “এমন কলঙ্কিত ব্যক্তি যদি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নারী সাংবাদিকরা শঙ্কিত ও ভীতসন্ত্রস্ত বোধ করেন।”
তিনি আরও বলেন, সাংবাদিক সমাজের মর্যাদা ও কর্মপরিবেশ রক্ষায় খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্তসাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে, আজ ২৫ মে খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বাংলা ইনসাইডারের হাতে জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ নোটিশসহ কোষাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেওয়ার নথি এসে পৌঁছেছে।

ডিইউজের নোটিশে বলা হয়েছে, সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৬ এর (গ), ৬(২) ও ৬(৩)-এ উল্লেখিত বিধান অনুসরণ করে ইউনিয়নের স্বার্থ, শৃঙ্খলা, নৈতিক স্খলন ও সুনামহানিকর কার্যকলাপের অভিযোগে খোন্দকার আলমগীর হোসেনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে কেন তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
ডিইউজে সূত্র আরও জানায়, খোন্দকার আলমগীর হোসেন সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৯ অনুযায়ী নির্বাহী পরিষদের সদস্যদের মধ্য থেকে নতুন করে কাউকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।