নিজস্ব প্রতিবেদক: মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে মাদক নির্মূলে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদক নির্মূলে ইতিমধ্যে মোবাইল কোর্ট, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
এরপর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সামনে উপস্থাপন করা হয়।
বৈঠকে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করা, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
একইসঙ্গে এসব কার্যক্রমে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।