নিজস্ব প্রতিবেদক: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাতের বেলা প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে।
এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত আদালত এলাকায় ঢুকতে হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা দাফতরিক পরিচয়পত্র দেখাতে হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন ভবনের কোর্ট রুমে বিচারকার্য পরিচালনা করে থাকেন। ফলে বিচারপতি, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এর আগে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র বহনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিবর্গ প্রবেশ করছেন, যা সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিঘ্নিত করছে।
এই অবস্থায় সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সেই সঙ্গে জরুরি প্রয়োজনে এই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামতো এনআইডি কার্ড বা অফিশিয়াল পরিচয়পত্র প্রদর্শনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।