• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি পটুয়াখালীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত ডেস্ক চালু করল বেপজা

Reporter Name / ৬৪০ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিদেশি বিনিয়োগকারীদের আরও সুনির্দিষ্ট ও কার্যকর সেবা দিতে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের জন্য তিনটি বিশেষায়িত ‘কান্ট্রি ডেস্ক’ চালু করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা।

আজ ঢাকায় আয়োজিত ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানে এসব ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল আশা প্রকাশ করেন, নতুন ডেস্কগুলো সংশ্লিষ্ট দেশগুলোর বিদ্যমান বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরদার ও ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করার পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণেও কার্যকর ভূমিকা রাখবে।

বেপজার অধীন আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ও দুটি অর্থনৈতিক অঞ্চলে বিশ্বের ৩৮টি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন। এসব দেশের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান শীর্ষ তিন বিনিয়োগকারী দেশ।

নতুন ডেস্কগুলো সংশ্লিষ্ট দেশগুলোর বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের বিনিয়োগ সংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ জোরদার করা এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে বলে আশা করছে বেপজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, এ আয়োজন অংশীদারত্ব জোরদার, বিনিয়োগকারীদের সমস্যা ও প্রত্যাশা সরাসরি জানা এবং দেশের বিনিয়োগ পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক ও ব্যবসাবান্ধব করার সুযোগ তৈরি করবে।

বৈশ্বিক বাণিজ্যিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বেপজার সাফল্য তুলে ধরে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বেপজা ৩৬টি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। একই অর্থবছরে বেপজার আওতাধীন অঞ্চলগুলো থেকে ৮ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ২২ শতাংশ বেশি।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, চলতি বছর বেপজা অর্থনৈতিক অঞ্চল-১, বেপজা অর্থনৈতিক অঞ্চল-২, যশোর ইপিজেড ও পটুয়াখালী ইপিজেডকে পূর্ণাঙ্গ অঞ্চল হিসেবে ঘোষণা করা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বিনিয়োগকারীদের সরবরাহব্যবস্থার অংশীদারদের সঙ্গে নিয়ে এসব নতুন অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান।

পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বেপজা ‘থ্রি-আর’ নীতি অনুসরণের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও পুনর্ব্যবহার ভিত্তিক শিল্পচর্চা বাস্তবায়নে কাজ করছে। উন্নত বিদ্যুৎ সরবরাহ, বিনিয়োগকারী ক্লাব, অগ্নিনির্বাপণ কেন্দ্র, উন্নত চিকিৎসাসেবা এবং এক জায়গা থেকে বিভিন্ন সেবা দেওয়ার ব্যবস্থা সহজ করার মাধ্যমেও বিনিয়োগকারীদের সেবা উন্নত করা হচ্ছে।

নতুন কান্ট্রি ডেস্ক সম্পর্কে বেপজার চেয়ারম্যান বলেন, বিশেষায়িত এসব ডেস্ক চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিদ্যমান বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে, তাদের ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করবে এবং বেপজার আওতাধীন অঞ্চলগুলোতে নতুন বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন তার উপস্থাপনায় ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির অর্জন ও অগ্রগতি তুলে ধরেন। তিনি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের কল্যাণ এবং বিনিয়োগকারীদের সেবা সহজীকরণে গৃহীত পদক্ষেপের কথা জানান। পাশাপাশি নতুন অর্থনৈতিক অঞ্চল এবং যশোর ও পটুয়াখালীতে ইপিজেড স্থাপনের অগ্রগতি তুলে ধরে সেখানে বিনিয়োগের আহ্বান জানান।

বেপজার আওতাধীন চালু অঞ্চলগুলোতে জমির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে বেপজা।

বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস ও শিল্প সম্পর্ক) নাজমুল ইসলাম ভূঁইয়া তার উপস্থাপনায় ইপিজেডের শ্রমিক কল্যাণ, মালিক-শ্রমিক সম্পর্ক, ইপিজেড শ্রম আইন সংশোধন এবং ভবিষ্যতের শ্রমসম্পর্কিত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

পরে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিনিয়োগকারীদের মধ্যে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বিনিয়োগ সম্প্রসারণ, বিদ্যমান শিল্প পরিচালনার সমস্যা, সম্ভাব্য নতুন বিনিয়োগ এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯’ নিয়েও মতবিনিময় হয়। আন্তর্জাতিক শ্রমমান বজায় রেখে বিনিয়োগকারী ও শ্রমিক—উভয় পক্ষের স্বার্থ সংরক্ষণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বেপজা।

অনুষ্ঠানে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেবিসিসিআই) সাধারণ সম্পাদক মিলিয়ন পার্ক বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ব্যবসায়িক অংশীদারত্বের সম্ভাবনা তুলে ধরেন। তিনি বাংলাদেশে, বিশেষ করে বেপজার আওতাধীন অঞ্চলগুলোতে আরও বেশি কোরীয় বিনিয়োগ আকর্ষণে অবকাঠামোগত উন্নয়ন ও নীতিগত প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই), কেবিসিসিআই ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রতিনিধিসহ বেপজার আওতাধীন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশ নেন।

১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে বেপজা দেশের রপ্তানিমুখী শিল্পায়ন, বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সংস্থাটির আওতাধীন আটটি ইপিজেড ও দুটি অর্থনৈতিক অঞ্চলে বিশ্বের ৩৮টি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন। এসব অঞ্চলে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৭ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার এবং ক্রমপুঞ্জীভূত রপ্তানির পরিমাণ প্রায় ১৩০ বিলিয়ন মার্কিন ডলার। দেশের মোট রপ্তানিতে বেপজার আওতাধীন অঞ্চলগুলোর অবদান প্রায় ২০ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category