গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় অনুমোদনহীনভাবে গ্যাস মজুত ও বিক্রির অভিযোগে দুটি এলপিজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৫ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি প্রতিষ্ঠানের মালিক ও দুই কর্মচারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাইবান্ধার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটে এম এস ফিলিং স্টেশন (এলপিজি) প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামানকে ১৩ হাজার লিটার গ্যাস অবৈধভাবে মজুতের দায়ে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, গাইবান্ধা এলপিজি ফিলিং স্টেশন (ওমেরা অটো গ্যাস) নামের অপর একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদাত ফাহিম। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ১২ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়। পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার লিটার গ্যাস জব্দ হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বাসসকে বলেন, অবৈধভাবে মজুতরোধে এবং জনসচেতনতামূলক এমন অভিযান অব্যাহত থাকবে।